ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়েছিলেন সৈয়দ শফিকুল রহমান (৫৫)। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি তাঁর। অবশেষে রেলওয়ে পুলিশের কাছ থেকে খবর পেয়ে কালুরঘাটের খেজুরতলা এলাকায় গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
নিহত শফিকুল রহমান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী এলাকার সৈয়দ চাঁন চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি সৈয়দ আব্বাস আলী চৌধুরীর বাড়ির মৃত আবুল হোসেনের মেজ ছেলে।
নিহতের ভাই সৈয়দ ওহিদুল আলম জানান, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর শফিকুল আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, শফিকুল রহমান প্রায় ২০ বছর প্রবাসে ছিলেন। এর আগে তিনি দুইবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম কালুরঘাটের খেজুরতলা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।