চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। এ সময় ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৫ হর্সপাওয়ারের একটি ড্রেজার, ২২টি পাইপ এবং প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দ করা ড্রেজার ও পাইপের পাশাপাশি বালু উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।