চট্টগ্রামের ফটিকছড়িতে পরিত্যক্ত একটি বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বনাঞ্চলসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভুজপুর থানার উদালিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব ঘটনাস্থলে যান। সেখানে একটি পরিত্যক্ত বাড়ির পাশে খড়ের গাদার সঙ্গে ফেলে রাখা অবস্থায় বন্দুক দুটি দেখতে পান তিনি। পরে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্র দুটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বন্দুকগুলোর মালিক কে বা কারা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজগর আলী/আর /দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।