ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে দরজার তালা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি দল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের ঘরে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য জুবায়দুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।
একপর্যায়ে ডাকাতেরা প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির জন্য ঘরে রাখা আড়াই লাখ টাকা, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।
জুবায়দুল ইসলাম বলেন, ডাকাতেরা দীর্ঘ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। পরে বাড়ির পাশে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও মুখ ঢাকার গামছা পাওয়া যায়।
পরিবারের কর্তা খোরশেদুল আলম বলেন, ‘ডাকাতেরা ঘরে ঢুকেই আমার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।’
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।