চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে মশাল মিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা করেছে পুলিশ।
এ মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।
ফটিকছড়ি থানায় দায়ের করা এ মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর রাত ১২টার দিকে নাজিরহাট পৌরসভার বারঘরিয়া এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মশাল ও ইটপাটকেল নিয়ে মিছিল করার খবর পায় পুলিশ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা গাছ, মশাল ও ইটপাটকেল ফেলে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরপর রাত আনুমানিক দেড়টার দিকে পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া এলাকায় একই ধরনের কর্মকাণ্ডের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল ও ইটের ভাঙা অংশ উদ্ধার করা হয়।
এজাহারে বলা হয়েছে, প্রথম ঘটনাস্থল থেকে ছয়টি বাঁশের তৈরি মশাল, ১২টি ইটের ভাঙা অংশ ও তিনটি গাছের টুকরা উদ্ধার করা হয়। দ্বিতীয় ঘটনাস্থল থেকে আরও পাঁচটি মশাল ও ছয়টি ইটের ভাঙা অংশ জব্দ করা হয়। দুই দফায় মোট ১১টি মশাল, ১৮টি ইটের ভাঙা অংশ এবং তিনটি গাছের টুকরা উদ্ধারের কথা উল্লেখ রয়েছে।
এ ঘটনায় ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তার সঙ্গে কর্মরত পুলিশ সদস্যদেরও সাক্ষী ও সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।