চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়হানের আশ্রয়দাতা ও তার পিস্তলের জিম্মাদারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এসব তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। এ সময় পালানোর মুহূর্তে রায়হানের ছোড়া এলোপাতাড়ি গুলিতে স্থানীয় তিনজন আহত হন।
এ ঘটনার পরদিন বুধবার সকালে অভিযান পরিচালনাকারী হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজকে মুঠোফোনে কল করেন রায়হান। প্রায় ১০ মিনিটের কথোপকথনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। জবাবে ওই পুলিশ কর্মকর্তা তাকে আত্মসমর্পণের পরামর্শ দেন। তখন বিষয়টি ভেবে দেখার কথা জানান রায়হান।
পরে পুলিশ কর্মকর্তার সঙ্গে নিজের ওই ফোনালাপের অডিও রেকর্ড বুধবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেন রায়হান।
এর মধ্যে পুলিশের অভিযানে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির কারখানা ও সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ছয়জন গ্রেপ্তারের ঘটনায় ফটিকছড়িতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে শীর্ষ সন্ত্রাসী রায়হান এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।