দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের খোঁজে পুলিশ,মসজিদের মাইকে ঘোষণা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ ০৬:৪৮ বিকাল
পঠিত : ২২৭
ফটিকছড়িতে সন্ত্রাসী রায়হানের খোঁজে পুলিশ,মসজিদের মাইকে ঘোষণা

ছবি

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানের সময় স্থানীয়দের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানের অবস্থান সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট এলাকায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ভিডিওতে চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজকে হাতে হ্যান্ডমাইক নিয়ে স্থানীয়দের উদ্দেশে কথা বলতে দেখা যায়।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানাতে হবে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান ওই এলাকায় লুকিয়ে রয়েছে। তাকে গ্রেপ্তার করা গেলে চট্টগ্রামের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এ সময় রায়হানের শারীরিক গঠনের বর্ণনাও দেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রায়হানসহ কয়েকজন অপরাধী ওই এলাকায় অবস্থান করছেন বলে তথ্য রয়েছে। তাঁদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এদিকে একই দিন রাত ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে দুর্বৃত্তদের গুলিতে ছয়জন আহত হন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা চার থেকে পাঁচজন ব্যক্তি বাজারের মোড়ে আসে। সেখানে পৌঁছেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে।

পরে অটোরিকশাটি নিয়ে তারা চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায় দুর্বৃত্তরা। এ সময় গুলিতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

গুলির ঘটনার পরপরই অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

আটক চালকের দাবি, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তাঁর অটোরিকশাটি ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশার ভেতর থেকেই তাঁরা গুলি ছুড়তে থাকেন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে অটোরিকশা চালিয়ে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। অস্ত্রধারী হওয়ায় তাঁদের নির্দেশ মানতে বাধ্য হন বলে জানান তিনি।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অটোরিকশা ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।