ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পাইন্দং ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর নেতৃত্বে অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম ও আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু বেলচা ও ভেলাও জব্দ করা হয়েছে।
জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রির জন্য ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।