আজগর আলী, ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে ভূজপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে চালককে মারধর করে রক্তাক্ত জখম এবং যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভূজপুর ন্যাশনাল স্কুলের পশ্চিম পাশে একটি স্পিড ব্রেকারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফটিকছড়ি বিবিরহাটমুখী সিএনজি অটোরিকশা কয়েকটি স্পিড ব্রেকারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন যুবক সেটি থামানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে সিএনজিতে আঘাত করতে থাকে। এতে চালক ও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরে দুর্বৃত্তরা চালককে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘ছিনতাইয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় পুলিশ সেটি উদ্ধার করেছে এবং আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। অন্য একটি চুরির ঘটনায় একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, পার্শ্ববর্তী মিরসরাই উপজেলার নয়াটিলা এলাকায় গত দুই-তিন দিনে কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটি মিরসরাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হয়েছে। ভূজপুর থানা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে ফটিকছড়ি ও ভূজপুর এলাকায় সাম্প্রতিক একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাত ও ভোরে সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, ‘একাধিক ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। রাতে নিয়মিত টহল দলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত পুলিশের টহল দল মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও টহল অব্যাহত আছে।’
এর আগে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বসতঘর, প্রবাসীর বাড়ি, মন্দির, মাদ্রাসা, ব্যবসাপ্রতিষ্ঠান ও পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগও ওঠে। ২৩ সেপ্টেম্বর লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় একটি বসতঘর থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া যায়। ২১ সেপ্টেম্বর সুন্দরপুর ইউনিয়নের একটি মন্দিরে গ্রিল ও তালা কেটে স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা চুরির অভিযোগ ওঠে। ১৮ সেপ্টেম্বর পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া যায়।
এ ছাড়া ১৭ সেপ্টেম্বর নাজিরহাট পৌরসভার একটি এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার এবং ১০ সেপ্টেম্বর নানুপুরের একটি মাদ্রাসা থেকে মালামাল চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।