দক্ষিণ পূর্ব

ফুডপ্যান্ডায় অর্ডার বন্ধের হুঁশিয়ারি চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ০৮:২৬ সকাল
পঠিত : ৩৬
ফুডপ্যান্ডায় অর্ডার বন্ধের হুঁশিয়ারি চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের

ছবি

Degchibarictg

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার কমিশন, অতিরিক্ত চার্জ কর্তন ও অস্বচ্ছ হিসাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা। এসব সমস্যা সমাধানে ছয় দফা দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁগুলোতে ফুডপ্যান্ডার মাধ্যমে অর্ডার গ্রহণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার সকাল ১১টায় নগরের মুরাদপুর এলাকার বারকাত ফুড স্টেশনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন, ফুডপ্যান্ডা বিভিন্ন খাতে অযৌক্তিক অর্থ কর্তন করছে। কমিশনের পাশাপাশি অতিরিক্ত চার্জ আরোপ এবং হিসাবের স্বচ্ছতার অভাবে রেস্তোরাঁ ব্যবসায়ীদের পরিচালন ব্যয় বাড়ছে। এতে কমে যাচ্ছে ব্যবসার মুনাফা। এ ছাড়া অর্ডার বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ রয়েছে তাঁদের।

ব্যবসায়ীরা বলেন, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলেও ফুডপ্যান্ডার একতরফা ব্যবসায়িক নীতির কারণে রেস্তোরাঁ মালিকদের আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাঁদের দাবি।

রেস্তোরাঁ মালিকরা বলেন, ব্যবসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কমিশন কাঠামো পুনর্বিবেচনা, অযৌক্তিক চার্জ বন্ধ, আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত এবং অর্ডার বাতিলের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে আগামী সাত দিনের মধ্যে সেগুলো বাস্তবায়নে ফুডপ্যান্ডা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁ মালিকরা সম্মিলিতভাবে ফুডপ্যান্ডায় অর্ডার গ্রহণ স্থগিত বা বন্ধ রাখার কর্মসূচি নেবেন বলে হুঁশিয়ারি দেন।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।