দক্ষিণ পূর্ব

ফেসবুক লাইভে আমার দেশ পত্রিকার কপি ছিঁড়লেন রাশেদ খান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৩:৫২ রাত
পঠিত : ২৬
ফেসবুক লাইভে আমার দেশ পত্রিকার কপি ছিঁড়লেন রাশেদ খান

ছবি

Degchibarictg

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়েছেন। সম্প্রতি তাঁকে নিয়ে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ জানাতে গিয়ে শনিবার রাতে এ ঘটনা ঘটান তিনি।

লাইভ ভিডিওতে দেখা যায়, পত্রিকাটির প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশের একপর্যায়ে রাশেদ খান হাতে থাকা পত্রিকার কপি ছিঁড়ে ফেলেন। তাঁর অভিযোগ, প্রকাশিত প্রতিবেদন দুটির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে।

শনিবার আমার দেশ পত্রিকায় ‘এক হয়েছেন হাসিনাপুত্র জয় ও কিছু নব্য বিএনপি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে গত ১৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহকারীরা কী করছেন’ শিরোনামে পত্রিকাটির প্রথম পাতায় প্রধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। দুটি প্রতিবেদনেই রাশেদ খানের নাম উল্লেখ করা হয়।

ফেসবুক লাইভে রাশেদ খান বলেন, ১৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে তাঁকে ঢালাওভাবে অভিযুক্ত করা হয়েছে। অথচ তাঁর কর্মকাণ্ডের বিষয়ে তেমন কোনো তথ্য তুলে ধরা হয়নি। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন নিয়েও আপত্তি জানান তিনি। তাঁর দাবি, বিএনপিতে যোগ দেওয়ার পরও তাঁকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করা হচ্ছে।

রাশেদ খান আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তাঁর সাম্প্রতিক বক্তব্যের জের ধরেই আমার দেশ পত্রিকায় তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে জ্যেষ্ঠ ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ে জামায়াতকে তদন্তের চ্যালেঞ্জ জানান তিনি।

রাশেদ খান বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কিংবা দলটির গঠিত তদন্ত কমিটির কাছে এ বিষয়ে প্রমাণ দিতে তিনি প্রস্তুত। তাঁর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে জামায়াত তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।