দক্ষিণ পূর্ব

পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন আজ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৪:৩৭ সকাল
পঠিত : ৩৪
পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন আজ

ছবি

Degchibarictg

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হবে। একই সঙ্গে আগামী ৭ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, গত শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও এ বিষয়ে সম্মতি দিয়েছেন। বোর্ডে শ্রমিক প্রতিনিধিও রাখা হয়েছে। ফলে এ নিয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে মন্ত্রী বলেন, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা মালিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের উদ্যোগ নেবেন। আগামী ৭ নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পরিশোধের বিষয়েও আলোচনা হয়েছে।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই। ভাঙচুর বা কারখানা বন্ধ রাখলে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা না গেলে মালিকপক্ষ অর্থ পাবে না। এতে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েছে। গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং বিজিএমইএর সহসভাপতি মিজানুর রহমান ও রেজওয়ান সেলিমসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।