দক্ষিণ পূর্ব

পর্যটকদের জন্য খুলল সেন্টমার্টিন , সচল হয়নি কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ ০৪:১৬ সকাল
পঠিত : ৩৫
পর্যটকদের জন্য খুলল সেন্টমার্টিন , সচল হয়নি কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথ
Degchibarictg

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। রোববার (১ নভেম্বর) থেকে দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হলেও এখনো শুরু হয়নি কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল। প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরুর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্টগুলো। সাজানো হয়েছে পর্যটনকেন্দ্রিক বিভিন্ন স্থাপনা।

তবে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে তিনটি জাহাজ। তবে জাহাজ চলাচলের জন্য নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং চলাচলের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

এ ছাড়া পর্যটকদের টিকিট বিক্রির জন্য ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও চালু করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষ না হওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল আপাতত শুরু করা যাচ্ছে না।

সংশ্লিষ্টদের আশা, সব ধরনের অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হলে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এই রুটে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে। ফলে দ্বীপে পর্যটকদের ভ্রমণের অনুমতি মিললেও আপাতত জাহাজ চলাচল শুরুর অপেক্ষায় থাকতে হচ্ছে ভ্রমণপ্রত্যাশীদের।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।