দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে ঘরের ভেতর বাবা ও যমজ দুই শিশুর মরদেহ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ০৩:৩৮ দুপুর
পঠিত : ৫৯
বাঁশখালীতে ঘরের ভেতর বাবা ও যমজ দুই শিশুর মরদেহ

ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মো. জাহেদ হোসেন (৫০)। তিনি চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল আজানী পাড়ার বাসিন্দা এবং ওই এলাকার সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তাঁর দুই শিশুকন্যার নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।

পুলিশের প্রাথমিক ধারণা, জাহেদ আত্মহত্যার আগে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস আগে পারিবারিকভাবে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের (২৫) সঙ্গে জাহেদের বিয়ে হয়। বিয়ের পর প্রথম দিকে তাঁরা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। পরে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন জাহেদ।

ঘটনার দিন আফিয়া বেগম তাঁর মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাপোড়ার ভিলেজার পাড়া মসজিদে মানত পূরণ করতে যান। যাওয়ার আগে দুই শিশুকে সঙ্গে নিতে চাইলেও জাহেদ নিজেই তাদের দেখাশোনার দায়িত্ব নেন। পরে শিশুদের জন্য দুধ তৈরি করে রেখে বাড়ি থেকে বের হন আফিয়া।

বিকেলে সন্তানদের খোঁজ নিতে একাধিকবার স্বামীকে ফোন করেও সাড়া পাননি তিনি। পরে বেলা ৩টার দিকে বাড়িতে ফিরে প্রধান ফটক বন্ধ দেখতে পান। ভেতরে প্রবেশের পর বাড়ির সামনের ও পেছনের দরজাও বন্ধ পান। একপর্যায়ে ঘরের ভেতরে গিয়ে স্বামী ও দুই সন্তানের মরদেহ দেখতে পান।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষে জাহেদের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল, সেই কক্ষের দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। পরে দরজার পাশের বেড়া কেটে হুক খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা। এ সময় চালার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় জাহেদ এবং খাটের পাশে মেঝেতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার পর জাহেদ আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত ও তদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে জাহেদের লেখা একটি চিরকুট পাওয়ার কথা জানা গেছে। চিরকুটের বিষয়বস্তু যাচাই করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।