দক্ষিণ পূর্ব

‘বাংলা অস্ত্র ব্যবহার করি না, হাত ছিঁড়ে যায়’: শীর্ষ সন্ত্রাসী রায়হান

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ১১:২৮ দুপুর
পঠিত : ৪১
‘বাংলা অস্ত্র ব্যবহার করি না, হাত ছিঁড়ে যায়’: শীর্ষ সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারে টানা কয়েক দিনের অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি পুলিশ। তবে ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


এ অভিযানকে ‘শাক দিয়ে মাছ ঢাকা’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন রায়হান। তিনি দাবি করেছেন, ‘সত্যি বলতে, অসহায় মানুষগুলো কারও না কারও প্রতিহিংসার শিকার। এরা না আমাকে চেনে, না আমি উনাদের চিনি।

শুধুমাত্র শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই কাজ। এরা হয়তো আওয়ামী লীগ, আর না হয় বড় কোনো নেতার প্রতিপক্ষ। আর আমি এইরকম বাংলা মাল ব্যবহার করি না। বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়। হুদাই কেন নিরীহ মানুষকে হয়রানি করতেছেন।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, টানা অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রায়হানের ছয় সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্দন দে (৬৫) ও মো. জাবেদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে ইতালিতে তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল রয়েছে, যা রায়হান নিজে ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, ‘সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলীকে গ্রেপ্তারের সময় রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিল। অন্যত্র চলে যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যায়।’

রায়হানের ফেসবুক পোস্ট সম্পর্কে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ‘অভিযানের শুরুতে সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী এমরান ও সাইদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর হাজীরখিলের কোদালিয়া টিলায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরাই জানিয়েছে, ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তলটি রায়হান ব্যবহার করত।’

পুলিশের তথ্য অনুযায়ী, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে নগর ও জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে রায়হানের ফেসবুকে দেওয়া একটি অডিওতে অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজকে তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়। জবাবে রায়হান বলেন, ‘আমি সারেন্ডার করলে মামলা বেশি দিবে বিএনপি। আওয়ামী লীগ আসলে মামলা দিবে। আমি কোন পথে যামু? এখন ঢুকলে ভাই, বাইর হতে পারব না। আট-দশ বছর আমাকে বাইর হতে দিবে না।’

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।