চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আব্দুস সোবহান (৩০) নামে হত্যা ও মাদকসহ ১৯ মামলার এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ বাড়ির সামনে সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সোবহানের ভাই মোহাম্মদ বাদশা বলেন, বিরোধের জেরে বাড়ির সামনে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সোবহানকে হত্যা করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান সড়কসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির পাশে সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্র ব্যবহার করে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে তিনি নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে সহায়তা করেন। ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে সোবহান হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।