নেত্রকোণায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ২৪ ঘণ্টা পার হলেও জড়িত কাউকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাফি।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোণায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় ঘরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে বাড়ির বারান্দায় ফেলে দেওয়া হয়। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বের হয়ে আগুন দেখতে পান। তাঁর চিৎকার ও তাৎক্ষণিক তৎপরতায় রাফির বাবা-মায়ের ঘুম ভাঙে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
রাফি বলেন, আগুনে বারান্দায় থাকা মাছ ধরার ঠেলা জালের একাংশ পুড়ে গেছে। এর ঠিক ওপরেই ছিল বিদ্যুতের মিটার। আল্লাহর রহমতে তাঁর বাবা-মা অক্ষত রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগের চেষ্টা বলে অভিযোগ করেন। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িঘরে ভাঙচুর এবং বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন।
রাফি বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে যারা আতঙ্ক সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর ভাষায়, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশের নিষ্ক্রিয়তায় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে কার কাছে? শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাফি। তিনি বলেন, একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দায়িত্বে থাকার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রাফি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতের অভিজ্ঞতা থেকে সতর্ক থাকতে হবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও চিহ্নিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই জানিয়ে রাফি বলেন, মৃত্যুর ভয় দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। জুলাই আন্দোলনের সময় তাঁর মা যেভাবে সাহস জুগিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতেও একইভাবে সাহস দিচ্ছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে গুলিও তাঁদের লড়াই থামাতে পারেনি। আগুন-সন্ত্রাসের ভয় দেখিয়েও জনগণের পক্ষে তাঁদের অবস্থান থেকে সরানো যাবে না। ব্যক্তিগতভাবে তিনি না থাকলেও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত থাকবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।