বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিশকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিশকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এলাকায়। তার বাবা মামুনুল কবির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন অ্যাকাউন্ট্যান্ট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিশকাতসহ ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। একপর্যায়ে তারা পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনায় গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ওপরে উঠে এলেও মিশকাত আর ফিরে আসেনি। পরে বন্ধুরা আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ঝরনায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।