দক্ষিণ পূর্ব

বাবুনগর মাদরাসার মহাসম্মেলনে যোগ দিতে ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ ০৫:৩০ সকাল
পঠিত : ২৮
বাবুনগর মাদরাসার মহাসম্মেলনে যোগ দিতে ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি

Degchibarictg

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে দেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার (৬ নভেম্বর) ফটিকছড়ি যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দুপুর ১২টার দিকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মাদরাসার প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি মহাসম্মেলনে বক্তব্য দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা। সম্মেলনের দুই দিনই উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

এ ছাড়া সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও হুমাম কাদের চৌধুরীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য আলেম-ওলামাদের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ ফজর মাদরাসা প্রাঙ্গণে শুরু হয় দুই দিনব্যাপী এ মহাসম্মেলন। এতে দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মাহমুদুল হাসান ভূজপুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশবরেণ্য আলেমরা বয়ান করছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সমাজের সর্বস্তরে ধর্মীয় চেতনা ও ইসলামী চিন্তাধারার বিকাশ, ইসলামী আকিদা-বিশ্বাস এবং মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুনের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিবছরের ধারাবাহিকতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।