দক্ষিণ পূর্ব

দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬ ০২:৩৪ দুপুর
পঠিত : ৩৫
দেশের স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

ছবি

Degchibarictg

দেশের গণতন্ত্র, আইনের শাসন ও স্থিতিশীলতা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেছেন, সাংবাদিকতা একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকদের সবসময় জনগণের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমকে জনগণের সংসদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশা থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক। অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে সরকার, জনগণ এবং সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সংবাদমাধ্যমের মালিকদের আর্থিক সক্ষমতা ও প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান বাড়লে সংবাদমাধ্যমের আয় ও বিনিয়োগের সক্ষমতা বাড়বে। এতে সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পথও সুগম হবে।

চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত। এ সময় তিনি প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে সরকারি জমির প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে। জমির স্বল্পতা বিবেচনায় ভবিষ্যতে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে সাংবাদিকদের আবাসন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর উদ্যোগের প্রশংসা করেন তিনি।

গাজীপুরের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মীর হেলাল বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে কোনো স্বার্থান্বেষী মহল ভাঙচুর ও নাশকতা চালিয়ে দেশের অর্থনীতি ও তৈরি পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সাংবাদিক, রাজনীতিবিদ, সামাজিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য আমিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া অনুদানের চেক বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে তুলে দেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।