দক্ষিণপূর্ব ডেস্ক :
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে পাম অয়েল, কৃত্রিম ঘ্রাণ ও রং মিশিয়ে ভেজাল ঘি তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানাটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘পাকোয়ান’ ব্র্যান্ডের নামে ভেজাল ঘি উৎপাদনের দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরও তিন প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার মধ্যে আরিফের ফল বিতানকে ১ হাজার টাকা, পারভিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কারখানাটিতে গিয়ে দেখা যায়, পাম অয়েলের সঙ্গে কৃত্রিম ঘ্রাণ ও রং মিশিয়ে ঘি তৈরি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে কারখানার মালিক জানান, গত পাঁচ থেকে ছয় বছর ধরে এভাবে ভেজাল ঘি তৈরি করে বাজারজাত করে আসছিলেন তিনি। এসব ঘি মূলত উপজেলা ও প্রত্যন্ত এলাকার বাজারে পাঠানো হতো।
কারখানা মালিকের সঙ্গে স্থানীয় বাবুর্চিদেরও যোগসাজশ ছিল বলে কর্মকর্তারা জানতে পারেন। বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এসব ঘি ব্যবহার করা হলে টোকেনের মাধ্যমে বাবুর্চিদের কমিশন দেওয়া হতো।
অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতি কেজি ভেজাল ঘি ৯০০ থেকে ৯৫০ টাকা দরে বাজারে বিক্রি করা হতো। কারখানাটি সিলগালা করার পাশাপাশি সেখানে থাকা ভেজাল ঘি তৈরির উপকরণও ধ্বংস করা হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।