বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে দালালবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে বেআইনিভাবে দালালি করার অভিযোগে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিআরটিএ চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে এবং হাটহাজারী থানার চৌধুরীহাটে এ অভিযান পরিচালনা করে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত-১১।
অভিযানকালে বিআরটিএ কম্পাউন্ড থেকে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত মনজুর আলম চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ডাবল মুরিং এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
অন্যদিকে, হাটহাজারী থানার অন্তর্গত চৌধুরীহাট এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে ১২টি মামলা দেওয়া হয়। এসব মামলায় গাড়ি ও চালকদের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত-১১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এ অভিযানে নেতৃত্ব দেন। বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিআরটিএ সূত্রে জানানো হয়েছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।