দক্ষিণ পূর্ব

বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০১:৩৮ দুপুর
পঠিত : ৩৪
বিমানের জ্বালানি চুরির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

বিমানের জেট ফুয়েল পরিবহনের সময় মাঝপথে জ্বালানি চুরির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পদ্মা অয়েলের উপমহাব্যবস্থাপক (অর্থ) ও কোম্পানি সচিব আলী আবছারকে। সদস্য হিসেবে রয়েছেন উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) শফিউল আজম। আর সদস্যসচিব করা হয়েছে প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সফিকুল ইসলামকে।

অফিস আদেশে বলা হয়েছে, কমিটি বিমানের জেট এ-১ জ্বালানি পরিবহনে অনিয়ম ও চুরির অভিযোগের বিষয়ে যথাযথ তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও পর্যালোচনা করবে। এরপর প্রয়োজনীয় সুপারিশসহ ১০ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেবে।

সম্প্রতি গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা ডিপোতে নেওয়ার পথে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েল অন্যত্র বিক্রির সময় একটি ট্যাংকলরি জব্দ করে গোয়েন্দা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্যাংকলরি ও ডিপো-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি চক্র বিভিন্ন কৌশলে বিমানের জ্বালানি চুরি করে অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এর আগে ৭২ হাজার লিটার বিমানের জ্বালানি চুরির অভিযোগ নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছিল ঢাকা পোস্ট। ওই ঘটনায় তদন্তের পর অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এ ছাড়া পরিবহন চালানের অনুলিপি ছিঁড়ে ফেলা এবং ডিপোর ব্রিজিং রেজিস্টারের তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলার অভিযোগও রয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।