দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথেও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রী পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পণ্য ও কনটেইনার পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের চলাচলের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নিয়মিত বিরতিতে ট্রেন পরিচালনা সহজ হবে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথকে দেশের যাত্রী ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে উল্লেখ করেছেন রফিকুল ইসলাম। তাঁর মতে, এ রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমবে।
তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) পরিবহন করা হয়। এটি দেশের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।
ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
রেলওয়ের এ কর্মকর্তা মনে করেন, বৈদ্যুতিক ট্রেন চালুর পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা অবকাঠামো গড়ে তোলা গেলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।
বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে।
রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে।
জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ নির্মাণের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো বৈদ্যুতিক ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলো ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রেলওয়ে সূত্র জানায়, সরকার ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনায় বেশি গুরুত্ব দিচ্ছে।
রফিকুল ইসলামের ভাষ্য, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় নতুন রেলপথ নির্মাণও বড় চ্যালেঞ্জ।
এ কারণে অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলক বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে দেখছে সরকার।
বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে বাংলাদেশ রেলওয়ে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ায় এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পকে দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে দেখছে রেলওয়ে। এর পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে বিবেচনা করা হচ্ছে।
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালু করা সম্ভব হলে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। বিশেষ করে দেশের প্রধান সমুদ্রবন্দরকেন্দ্রিক কনটেইনার পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়ার পাশাপাশি আধুনিক ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পথ আরও সুগম হবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।