মায়ের হাত থেকে গরম তরকারিভর্তি কড়াই পড়ে দগ্ধ হয়েছে ২১ মাস বয়সী শিশু জান্নাতুল নুরী। এতে তার শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ জান্নাতুল নুরী ওই এলাকার রবিউল হোসাইনের মেয়ে।
শিশুটির বাবা রবিউল হোসাইন জানান, সন্ধ্যায় তাঁর স্ত্রী লাকড়ির চুলায় তরকারি রান্না শেষে কড়াই নামাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে গরম তরকারিভর্তি কড়াইটি মেয়ের গায়ে পড়ে। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
তিনি বলেন, মেয়ের শরীরের প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে। দুর্ঘটনার পরপরই তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাকে চমেক হাসপাতালে পাঠান।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম বলেন, সন্ধ্যায় দগ্ধ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।