ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন মার্ক চাপম্যান ও রাচিন রবীন্দ্র। তাঁদের অনুপস্থিতিতে পুরো সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটার টিম সেইফার্ট।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হতে না পারায় চাপম্যান ও রবীন্দ্রকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নিউজিল্যান্ড ক্রিকেট।
ইউরোপিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্ক চাপম্যান। সাম্প্রতিক এমআরআই পরীক্ষার পর নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পুরোপুরি ফিট হতে তাঁকে আরও দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে।
অন্যদিকে, বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে কাঁধের হাড় সরে যায় রাচিন রবীন্দ্রর। তাঁর ফিল্ডিংয়ের জন্য পুরোপুরি ফিট হতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে প্রথমে কেবল সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছিলেন টিম সেইফার্ট। তবে চাপম্যান ও রবীন্দ্রর অনুপস্থিতিতে তাঁকে প্রথম তিন ম্যাচের স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পাঁচ ম্যাচের পুরো সিরিজেই খেলতে পারবেন এই উইকেটকিপার ব্যাটার।
এ ছাড়া বাঁহাতি ব্যাটার হেনরি নিকলসকে প্রথম তিন ওয়ানডে এবং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটকে শেষ দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে। পেসার ম্যাট ফিশারকেও প্রথম তিন ম্যাচের স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ডান পায়ের কোয়াড্রিসেপে চোটের কারণে শেষ তিন টি-টোয়েন্টিতে খেলতে না পারা ম্যাট হেনরি সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। তাঁর খেলার উপযোগিতা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতের বিপক্ষে প্রথম তিন ওয়ানডের নিউজিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, হেনরি নিকলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, উইল ইয়ং ও ব্লেয়ার টিকনার।
শেষ দুই ওয়ানডের নিউজিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, লকি ফার্গুসন, মিচেল হে (উইকেটকিপার), নিক কেলি, টিম সেইফার্ট (উইকেটকিপার), ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।