দক্ষিণ পূর্ব

ভোর থেকেই সরগরম চট্টগ্রামের ফিশারিঘাট

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ ০৯:৩৮ সকাল
পঠিত : ৮৩
ভোর থেকেই সরগরম চট্টগ্রামের ফিশারিঘাট

ছবি

ভোরের আলো ফোটার আগেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক এসে ভিড়তে থাকে ঘাটে। শুরু হয় মাছ নামানো, দরদাম ও নিলামের হাঁকডাক। সকাল হওয়ার আগেই জমে ওঠে শত কোটি টাকার বাণিজ্য। এই বাজার ঘিরে জীবিকা নির্বাহ করছেন হাজারো মানুষ।

কর্ণফুলী নদীর তীরে চাক্তাই ও রাজাখালী খালের মধ্যবর্তী ৩ দশমিক ৯৮ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে ফিশারিঘাট। এটি চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাইকারি মাছের বাজার। একসময় এখানে মূলত সাগর থেকে আহরণ করা মাছের বেচাকেনা হতো। তবে গত এক দশকে দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছেরও বড় বাজার হয়ে উঠেছে ঘাটটি। ফলে সাগর, নদী, পুকুর ও মৎস্যখামারের মাছের মিলনকেন্দ্রে পরিণত হয়েছে ফিশারিঘাট।

সরেজমিনে দেখা যায়, আকাশে তখনো পুরোপুরি আলো ফোটেনি। এরই মধ্যে ঘাটে ভিড়েছে মাছবোঝাই অনেক ট্রলার। বোট থেকে ঝুড়ি ও ক্যারেটে করে নামানো হচ্ছে মাছ। শ্রমিকদের হাঁকডাক, ঝুড়ি টানাটানি, আড়তদারদের দরদাম আর ক্রেতাদের দরকষাকষিতে মুখর চারপাশ। কোথাও স্তূপ করে রাখা হয়েছে রুপালি ইলিশ, কোথাও রূপচাঁদা, কোরাল, লাক্ষা, লইট্টা, ছুরি, পোয়া, ফাইস্যা, পারশে ও টুনাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। পাশাপাশি রয়েছে চিংড়ি ও ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ।

শুধু সাগরের মাছেই সীমাবদ্ধ নয় এই বাজারের বাণিজ্য। দেশের বিভিন্ন অঞ্চলের মৎস্যখামার, পুকুর ও জলাশয়ে উৎপাদিত মাছও মিনি ট্রাকে করে নিয়ে আসেন ব্যবসায়ীরা। এসব মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, পাঙ্গাশ, তেলাপিয়া ও গ্রাস কার্প।

মাছ নামানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় সংরক্ষণের কর্মযজ্ঞ। কোথাও বড় বড় বরফের খণ্ড ভাঙছেন শ্রমিকেরা, কোথাও বরফকল থেকে আনা হচ্ছে বরফ। আবার কোথাও মাছের ঝুড়িতে বরফ মিশিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। মাছের সতেজতা ধরে রাখতে এখানে প্রতিদিন বিপুল পরিমাণ বরফের প্রয়োজন হয়। ফলে মাছের ব্যবসার পাশাপাশি বরফকল, পরিবহন, ভাঙা ও সরবরাহের কাজেও যুক্ত রয়েছেন বহু মানুষ।

ভোরের আবছা আলোতেই হাজারো মানুষের উপস্থিতিতে ঘাটে তৈরি হয় কর্মব্যস্ত পরিবেশ। নগরীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন। কেনার পর মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে ট্রাকসহ বিভিন্ন পরিবহনে তোলা হয়। এরপর সড়কপথে সেগুলো পৌঁছে যায় দেশের বিভিন্ন জেলার বাজারে। মাছের সরবরাহ, চাহিদা ও দরদামের ওপর নির্ভর করে এই বাজারের ব্যবসায়ীদের লাভ-লোকসান।

পুরাতন ফিশারিঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, ফিশারিঘাটে মাছের ১০৩টি আড়ত রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছে এগুলো ‘গদি’ নামে পরিচিত। সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা এসব গদি বরাদ্দ পেয়েছেন। প্রতিটি গদির মালিকের অধীনে রয়েছে একাধিক বোট বা ট্রলার। তাঁদের তত্ত্বাবধানেই জেলেরা সাগরে মাছ ধরতে যান।

ফিশারিঘাটের মেসার্স শাহ ওমর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ও আড়তদার মোহাম্মদ সেলিম বলেন, সাগর থেকে মাছ ধরে আনা বোটগুলো গদির তত্ত্বাবধানে মাছ বিক্রি করে। এখানকার ১০৩টি গদিকে কেন্দ্র করে প্রতিদিন শত কোটি টাকার মাছ বেচাকেনা হয়। এই ঘাটের কর্মযজ্ঞে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। ফিশারিঘাটের মাছ দিয়েই সচল থাকে নগরীর বিভিন্ন বাজার।

তবে শত কোটি টাকার এই বাণিজ্যের নেপথ্যে থাকা জেলেদের জীবন খুব একটা স্বচ্ছল নয়। উত্তাল সাগরে দিনের পর দিন মাছ ধরতে হয় তাঁদের। কখনো প্রতিকূল আবহাওয়া, কখনো বিশাল ঢেউ, আবার কখনো দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান—সব মিলিয়ে তাঁদের কাজ অত্যন্ত পরিশ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ। অথচ অধিকাংশ জেলে বোটের মালিক নন, মাছের ব্যবসার অংশীদারও নন। তাঁরা দিনমজুর হিসেবে কাজ করেন এবং নির্ধারিত মজুরি পান।

ফিশারিঘাটে কথা হয় জেলে সাগর জলদাসের সঙ্গে। তিনি বলেন, ‘মাছ ধরাটা আমাদের বাপ-দাদার পেশা। এটা করেই বাঁচি। মাছ বেশি পড়ুক আর কম পড়ুক, আমাদের বেতন নির্ধারিত।’

আরেক জেলে বলেন, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকলে তাঁদের কাজ থাকে না। তখন ধারদেনা করে সংসার চালাতে হয়। তবে সরকার চাল ও নগদ সহায়তা দেওয়ায় এখন সেই কষ্ট কিছুটা কমেছে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, নতুন ফিশারিঘাট চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার। এটি সব সময় কর্মচঞ্চল থাকে। এখানে প্রতিদিন শত কোটি টাকার মাছ কেনাবেচা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা নিয়মিত বাজারটি পরিদর্শন করেন জানিয়ে তিনি বলেন, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ১৯৯৭ অনুযায়ী মাছের গুণগত মান, ভেজালমুক্ত ও নিরাপদ মাছ বিক্রি এবং আইনবহির্ভূত মাছের বেচাকেনা হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

সালমা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী, ফিশারিঘাটের ৬৮টি গদি মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স নিয়েছে। কিছু গদি কৃষি বিপণন অধিদপ্তর থেকেও লাইসেন্স নিয়েছে।

সূত্র: বাসস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।