দক্ষিণ পূর্ব

মইজ্জ্যারটেকে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ০৮:০২ সকাল
পঠিত : ৪
মইজ্জ্যারটেকে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্যস্ততম মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টার পর সিডিএ এ অভিযান পরিচালনা করে। সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিডিএর মইজ্জ্যারটেক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, কর্ণফুলী থানা পুলিশ এবং স্পেশাল পুলিশের সদস্যরা অংশ নেন।

উচ্ছেদ কার্যক্রমে প্রায় ৪০ জন শ্রমিক ও একটি এস্কেভেটর ব্যবহার করা হয়। এ সময় মইজ্জ্যারটেক মোড়ের বিভিন্ন অংশে গড়ে ওঠা ওয়েলফুড, কুলিং কর্নার, মুদিদোকান, বিকাশের দোকান, গোডাউন, বেকারি ও সড়কের ওপর নির্মিত ঝুপড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি আব্দুল মন্নানের দখলে থাকা স্থাপনা এবং এস আলমের চেমন ইস্পাত লিমিটেডের সীমানাপ্রাচীরও উচ্ছেদ করা হয়েছে।

সিডিএর প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, মইজ্জ্যারটেক মোড়ের জংশন এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। পর্যায়ক্রমে অন্য অবৈধ স্থাপনাগুলোও সরিয়ে দেওয়া হবে।

সিডিএর আওতাধীন পুরাতন ব্রিজঘাট থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান হয়েছে। ২০২৩ সালের মে মাসে পুরাতন ব্রিজঘাট এলাকায় প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিডিএ।

এরপর ২০২৫ সালের মে মাসে পুরাতন ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যারটেক এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময় পুরাতন ব্রিজঘাট ও মইজ্জ্যারটেক মোড়ের কালারপোল সড়ক এলাকায় আরও কয়েক শত দোকান উচ্ছেদের খবর প্রকাশিত হয়।

স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযান পরিচালনার পর কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন স্থানে আবারও নতুন করে দোকান ও স্থাপনা গড়ে ওঠে। এ অবস্থায় শুধু উচ্ছেদ নয়, সিডিএর জমিতে পুনরায় দখল ঠেকাতে স্থায়ী নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আর/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।