দক্ষিণ পূর্ব

মন্ত্রীদের সফরে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখার আহ্বান এমপি সরওয়ার জামাল নিজামের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ০৩:২০ রাত
পঠিত : ৩৯
মন্ত্রীদের সফরে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখার আহ্বান এমপি সরওয়ার জামাল নিজামের

ছবি

Degchibarictg

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, মন্ত্রীরা বিভিন্ন সংসদীয় এলাকা সফরে গেলে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে রাখা উচিত। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়বে এবং দল ও সরকারের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা-কর্ণফুলী দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখে অবস্থিত একটি শিল্পসমৃদ্ধ এলাকা। এ অঞ্চলের মানুষের বিএনপির প্রতি ব্যাপক আস্থা ও ভালোবাসা রয়েছে। দল তাঁকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় তিনি এলাকার জনগণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, মন্ত্রীরা যখন কোনো সংসদীয় এলাকা সফরে যান, তখন স্থানীয় সংসদ সদস্যদেরও সঙ্গে রাখা উচিত। মন্ত্রীরা সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করলে সাধারণ মানুষের মধ্যে দলের প্রতি আস্থা আরও বাড়বে।

আগামী নির্বাচন সামনে রেখে বিষয়টির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য একসঙ্গে এলাকায় গেলে জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে। এতে দলের প্রতি মানুষের আস্থা বাড়বে। তাই ভবিষ্যতে মন্ত্রীদের সংসদীয় এলাকা সফরের সময় সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সঙ্গে রাখার আহ্বান জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও বিষয়টির সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, অনেকের কাছ থেকেই এ ধরনের অভিযোগ পাওয়া যায়। মন্ত্রীরা বিভিন্ন এলাকায় সফরে গেলেও অনেক সময় সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সঙ্গে রাখেন না। সরকারি দল কিংবা বিরোধী দল—যে পক্ষেরই সংসদ সদস্য হোন না কেন, মন্ত্রীদের সফরে স্থানীয় সংসদ সদস্যদের পাশে রাখা বাঞ্ছনীয়।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।