মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার ক্ষেত্রে রায় কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, পাসপোর্ট অর্ডার অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার নিয়ম নেই। শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় সরকার তাঁর আগের পাসপোর্ট বাতিল করেছে। বর্তমানে তিনি দণ্ডিত আসামি হওয়ায় তাঁকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হলেও তা কোনো দণ্ডিত ও পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়।
লন্ডনভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইমেইল পাঠানো হয়েছে। অথচ এ বিষয়ে কোনো বৈধ চুক্তিপত্র জমা দেওয়া হয়নি। যাঁর পাসপোর্ট প্রয়োজন, তাঁকেই নিজে আবেদন করতে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁর কাছে মনে হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সদিচ্ছা কখনো ছিল না, এখনো নেই। ইচ্ছা থাকলে মামলা চলাকালে তিনি বিচার মোকাবিলা করতে পারতেন অথবা নির্ধারিত সময়ে আপিল করতেন।
তিনি আরও বলেন, হাজার হাজার গাড়ি ও চার্টার্ড বিমান নিয়ে দেশে ফেরার মতো বক্তব্য বিভ্রান্তি তৈরি করছে। এসব বক্তব্যের কারণে আওয়ামী লীগের কর্মীদের একটি অংশ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তাঁদের সন্দেহ।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে যে তিনি বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে চান বলে জানান চিফ প্রসিকিউটর। তবে এখন পর্যন্ত তিনি ভারত সরকারকে এ ধরনের কোনো অনুরোধ জানাননি বলে দাবি করেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আপিলের সুযোগ প্রসঙ্গে মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার মামলার রায় দেওয়া ট্রাইব্যুনালের বিচারকেরা হাইকোর্টের বিচারক বা সমমর্যাদাসম্পন্ন। তাই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে নয়, সরাসরি আপিল বিভাগে আপিল করতে হয়।
তিনি বলেন, বিশেষ আইনে নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় সেই সুযোগও শেষ হয়েছে। ফলে ভবিষ্যতে শেখ হাসিনার আপিল করার আর কোনো আইনি সুযোগ নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প অবশিষ্ট নেই।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।