ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর স্পিকারের সূচনা বক্তব্য, সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন এবং সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়।
শোকপ্রস্তাবের পর প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুযায়ী, এ অধিবেশনে প্রশ্নোত্তর, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং আইন প্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আগে জারি করা তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের বিষয়টিও কার্যসূচিতে রয়েছে।
আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসার কথা রয়েছে।
আর এইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।