চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুরাদ বাহিনীর মুরাদ ও জসিমের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সময় রাস্তায় চলাচলরত একটি সিএনজি অটোরিকশার কাচও ভাঙচুর করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে সংঘর্ষে সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় কয়েকজন সংঘর্ষের সময় গোলাগুলির শব্দ শোনার কথা বললেও পুলিশ তা অস্বীকার করেছে। পুলিশের দাবি, সেখানে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। ফটকা ফোটানো এবং টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে বিকট শব্দ হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। তারা জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা করে। সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় সরাসরি জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।”
তিনি আরও বলেন, “কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। ফটকা ফোটানো হয়েছে। টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে শব্দ হয়েছে।”এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।