চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হয়েছেন ছয় পুলিশ সদস্য। সোহাগ এলিট পরিবহনের একটি বাস পেছন থেকে পুলিশের টহল গাড়িতে ধাক্কা দিলে তাঁরা আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড়ের চিনকি আস্তানা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে আঘাত করে। এতে পুলিশের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ছয় কনস্টেবল আহত হন। তাঁদের মধ্যে শফিক ও রানা নামের দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় টহল গাড়িতে থাকা ছয় কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।