দক্ষিণ পূর্ব

মেঝেতে রোগী দেখে পটিয়া হাসপাতালে শয্যা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৩ অক্টোবর ২০২৬ ১১:৪৪ দুপুর
সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
পঠিত : ৪০
মেঝেতে রোগী দেখে পটিয়া হাসপাতালে শয্যা বাড়ানোর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দ্রুত হাসপাতালের শয্যা সংকট নিরসনের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১৫০ শয্যায় উন্নীত করা হবে। একই সঙ্গে রোগীদের তাৎক্ষণিক দুর্ভোগ কমাতে যত দ্রুত সম্ভব অতিরিক্ত কিছু শয্যার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্রে প্রতিদিন ১২০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন। বহির্বিভাগে চিকিৎসাসেবা নেন এক হাজারেরও বেশি রোগী। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি আশপাশের আরও কয়েকটি উপজেলার রোগীরাও এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ফলে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখতে এসেছেন বলেও জানান তিনি।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, পটিয়া একসময় মহকুমা সদর ছিল। সে কারণে এখানকার অবকাঠামোও সে অনুযায়ী গড়ে উঠেছিল। বর্তমানে পটিয়াসহ আশপাশের পাঁচ উপজেলার মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটিতে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট বাড়ানোর জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।