দক্ষিণ পূর্ব

যানজট কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনা চসিকের

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ ০২:৪১ দুপুর
পঠিত : ২৬
যানজট কমাতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনা চসিকের

ছবি

চট্টগ্রাম নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরীর যানজট কমাতে পরিবহন মালিক-শ্রমিকদের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চসিক মিলনায়তনে চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নগরীর যানজট নিরসন, পে-পার্কিং ব্যবস্থা চালু এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

প্রশাসক বলেন, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নগরীর কোথায় কোথায় পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করা হবে। পে-পার্কিং ব্যবস্থা চালু এবং পরিবহন শ্রমিকদের অন্যান্য সমস্যা সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিবহন শ্রমিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় ৩ হাজার ২০০ মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় এক হাজার মেট্রিক টন বর্জ্য যথাযথভাবে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এসব বর্জ্যের বড় একটি অংশ নালা-নর্দমা ও খালে গিয়ে পড়ছে। বিশেষ করে পলিথিন, প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট যত্রতত্র ফেলার কারণে জলাবদ্ধতার সমস্যা বাড়ছে।

তিনি বলেন, গাড়ির চালকদের যাত্রীদের সচেতন করতে হবে, যাতে কেউ চলন্ত গাড়ি থেকে ময়লা-আবর্জনা বাইরে না ফেলেন। প্রতিটি গাড়িতে ময়লা রাখার ব্যবস্থা করতে হবে। পরে নির্দিষ্ট ডাস্টবিনে এসব বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত নগর হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু সিটি করপোরেশনের পক্ষে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রীসহ নগরীর প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

যানজট নিরসনে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ২২ থেকে ২৮টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে যানজট কমানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও পরিবহন খাতের সমস্যাগুলো সমাধান করতে চায় সিটি করপোরেশন। এ ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো. আবু ফয়েজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শহিদুল ইসলাম এবং সমাজসেবক মো. তোফাজ্জল হোসেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।

এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম আরজু, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম শাহীন, সহসাধারণ সম্পাদক মো. সোলাইমান সুমন ও মো. হাসান, দপ্তর সম্পাদক মো. মনির হোসেনসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।