দক্ষিণ পূর্ব

যৌতুকের পাঁচ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ ০২:৩৪ দুপুর
পঠিত : ১৯১
যৌতুকের পাঁচ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

ছবি

চট্টগ্রামের আনোয়ারায় বিয়ের পর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে তাঁকে মারধর, শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ ঘটনায় গৃহবধূর মা চেমন আরা বেগম বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন—তৌহিদুল ইসলাম (৩২), মো. শহীদ (২৬), জমানা খাতুন (৫২), ইমু আক্তার (২৬) ও শামসুন নুর (৫০)।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে নাজমিন সুলতানা ওরফে জবার সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় মেয়ের পরিবারের প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধে জড়ান তৌহিদুল। একপর্যায়ে তাঁর পরিবারের সদস্যদের প্ররোচনায় স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাঁকে শারীরিক নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এজাহারে বলা হয়, গত ৮ নভেম্বর দুপুরে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ও পরিবারের অন্য সদস্যরা গৃহবধূকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন।

এর পরদিন ৯ নভেম্বর দুপুরে গৃহবধূর ভাই ইকবালসহ কয়েকজন স্বজন তাঁকে দেখতে শ্বশুরবাড়িতে যান। নির্যাতনের কারণ জানতে চাইলে তাঁদের সঙ্গে আসামিরা দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ করায় গৃহবধূর ওপর আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় এক আসামি তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন। অন্য একজন গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। একই সঙ্গে তাঁর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি এবং গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মামলা করলে তালাক দেওয়াসহ নানা ধরনের ক্ষতির হুমকি দিয়ে গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তাঁর মায়ের। পরে আহত অবস্থায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় করা এ মামলার নম্বর ২১।

তিনি আরও বলেন, মামলা রেকর্ডের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।