দক্ষিণ পূর্ব

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২ পুলিশ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ ০৩:৪৭ দুপুর
পঠিত : ১
রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২ পুলিশ

ছবি

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও দেখানো জায়গা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

পুলিশ জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাউজান উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার দিলদার হোসেন ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, মো. জানে আলম ওরফে ডাকাত আলম ও মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও আদায় করে আসছিল। গত ২৫ সেপ্টেম্বর তারা আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ার পর তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

পুলিশের ভাষ্য, বুধবার রাতে জানে আলমের বসতঘরের সামনে পুলিশ অভিযান শুরু করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে জানে আলম, আজিজ বস, দিলদার, রুবেল, মামুন-অর-রশিদ ওরফে মামুন এবং বাঁচাসহ কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দিলদার হোসেন গুলিবিদ্ধ হন এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

পুলিশ জানায়, অভিযানে ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দিলদারের হেফাজত ও তার দেখানো জায়গা থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা, দুটি কটি এবং দুটি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে দিলদার ও তার পলাতক সহযোগীদের সংঘবদ্ধ ও অস্ত্রধারী অপরাধী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।গ্রেপ্তার দিলদারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।