কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সিমেন্ট পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সোমবার রাত তিনটার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।
বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট পাওয়া যায়। কোস্ট গার্ডের হিসাবে, উদ্ধার করা সিমেন্টের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় বোটে থাকা ১২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।