বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে পদুয়া, শিলক, কোদালা ও সরফভাটার বিভিন্ন পাহাড়ি এলাকায় এ অভিযান শুরু হয়। অপরাধীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করাই এ অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।
গত ২৮ অক্টোবর সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার একটি বিলের পাশ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, জমির পাকা ধান পাহারা দিতে গিয়ে হামলার শিকার হন তিনি। পরে তাঁর দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা গেছে, কৃষক হত্যাসহ আগের বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনের মতো আসামি গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গত ৬ নভেম্বর দক্ষিণ রাঙ্গুনিয়ার একটি মাদরাসার বার্ষিক সভায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য বলেন, রাঙ্গুনিয়ায় অপরাধী ও দখলবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। সরফভাটায় অপরাধীদের প্রবেশ ও অবস্থান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় রাজনৈতিক পরিচয় ও মতপার্থক্য ভুলে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে মোবারক টিলা এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযান চলছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে অভিযান শুরু হয়েছে। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন। অভিযান এখনো চলমান রয়েছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।