সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা সাতকানিয়া শাখার ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সাতকানিয়া পৌরসভায় অবস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যাণ্ডের বাস ভবনের পাশে এ ঘটনা ঘটে।এতে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
জানা গেছে, সাতকানিয়া এরিয়া অফিস ও ঢেমশা শাখা একই ভবনে অবস্থিত। ঘটনার সময় ওই ভবনে গ্রামীণ ব্যাংকের ১১ জন কর্মকর্তা-কর্মচারী অবস্থান করছিলেন। গভীর রাতে জানালা দিয়ে ভবনের মূল ফটকে আগুন দেখতে পেয়ে তারা নিচে নেমে আসেন। তবে ততক্ষণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তারা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।
গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, ওই ভবনে আমরা ১১ জন কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলাম। অগ্নিসংযোগের বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও কাউকে পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বোতলজাতীয় কিছু একটা দিয়ে আগুন লাগানোর আলামত পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।