দক্ষিণ পূর্ব

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ চবিসাসের

Jalal Rumi
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬ ১২:১৩ দুপুর
পঠিত : ৩০
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ চবিসাসের

চবি প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্রধারী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

মঙ্গলবার চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। 

গতকাল রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এ হামলার ঘটনা ঘটে

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ছাত্রদলের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অস্ত্র বহনের দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।

হামলায় সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ একাধিক সাংবাদিক আহত হন। গুরুতর আহত জাহিদুল ইসলামের মাথা ফেটে যায় বলে জানা গেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ভিডিও ধারণ করতে এগিয়ে গেলে সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে মারধর করা হয়। আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থলে অন্য সাংবাদিকেরা উপস্থিত হলে দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধির ওপরও হামলা চালানো হয়।

বিবৃতিতে চবিসাস নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় এবং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। কোনো ঘটনার ভিডিও ধারণ কিংবা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা, হুমকি দেওয়া বা পেশাগত কাজে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতার মৌলিক অধিকারের পরিপন্থি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার যে বক্তব্য এসেছে, তাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে চবিসাস।

চবিসাস অবিলম্বে হামলার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।