চট্টগ্রাম মহানগরীর রিকশা শ্রমিকদের পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার বিকেলে নগরীর টাইগারপাস এলাকায় চসিকের কনফারেন্স রুমে মহানগর রিকশা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
মেয়র বলেন, রিকশা শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বৈধ লাইসেন্সধারী রিকশা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও সিটি কর্পোরেশন সচেতন থাকবে। কোনো সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও শ্রমিকদের সহযোগিতা করা হবে।
সভায় রিকশা শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মহানগরীতে অবৈধ অটোরিকশা ও অবৈধ লাইসেন্স বাতিল, রিকশা শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা, সংগঠনের মাধ্যমে ই-রিকশা দেওয়ার ব্যবস্থা, সংগঠনের অধীনে নতুন রিকশার লাইসেন্স প্রদান এবং শ্রমিকদের বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ।
মেয়র বলেন, রিকশা শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। টিসিবির স্মার্ট কার্ডের সুবিধার জন্য যোগ্য শ্রমিকদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নগরীর ৪১টি ওয়ার্ডের বাসিন্দা রিকশা শ্রমিকদের পাশাপাশি গ্রামের ঠিকানার জাতীয় পরিচয়পত্রধারীদেরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি পরিবারকে একটি কার্ডের আওতায় আনার উদ্যোগ রয়েছে। পরবর্তীতে ফ্যামিলি কার্ড চালু হলে শ্রমিকরাও এর আওতায় আসবেন। বর্তমানে দেওয়া স্মার্ট কার্ডের মাধ্যমেও বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর সবার জন্য উন্মুক্ত প্রতিষ্ঠান। নাগরিকদের সিটি কর্পোরেশনে আসার অধিকার রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম ও নিরাপত্তার বিষয়গুলোও নজরদারির মধ্যে রয়েছে।
মহানগর রিকশা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের।
সভায় চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, সংগঠনের উপদেষ্টা তোফাজ্জল হোসেন, সিনিয়র সহসভাপতি মাহবুব কোম্পানি, যুগ্ম সম্পাদক আবদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের রিকশা শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।