দক্ষিণ পূর্ব

রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে: শামা ওবায়েদ

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১ সকাল
পঠিত : ৩৯
রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে: শামা ওবায়েদ

‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভা

রোহিঙ্গা সংকট দীর্ঘদিন ধরে চললেও এর সমাধান হয়নি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও আঞ্চলিক নানা স্বার্থের কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান করা কঠিন।

শনিবার ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) আয়োজিত এ সভায় তিনি রোহিঙ্গা সংকটের পাশাপাশি আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনার বিষয়েও কথা বলেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রায় এক দশক ধরে এ সমস্যা বাংলাদেশের জন্য বড় সংকট হয়ে আছে। তবে এটি বাংলাদেশের তৈরি কোনো সমস্যা নয়। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হলেও সংকট আরও ঘনীভূত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সীমান্তের ওপারে মিয়ানমার সরকার, আরাকান আর্মিসহ বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। পাশাপাশি সেখানে বিভিন্ন দেশের স্বার্থও জড়িত। ফলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আঞ্চলিক জটিলতা তৈরি হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক চাপ ছাড়া সংকটের সমাধান করা অত্যন্ত কঠিন।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ আলোচনা হবে জানিয়ে শামা ওবায়েদ বলেন, নিউইয়র্কে ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা সংকট ছাড়াও উন্নয়নের অধিকার, ডারবান ঘোষণা, জলবায়ু পরিবর্তন, অতিমারি প্রতিরোধ ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের জন্য নতুন যাত্রা, সম্ভাবনা ও আকাঙ্ক্ষাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে শামা ওবায়েদ বলেন, গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় বাংলাদেশের যে চিত্র তুলে ধরা হচ্ছে, তা বিশ্বদরবারে উপস্থাপনের বড় সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

আর / দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।