আবুধাবি থেকে দেশে আনার পর কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল ছয়টি স্বর্ণের ডিম। তবে শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দাদের অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণ পাচারের এ চেষ্টা নস্যাৎ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানটি ছেড়ে যাওয়ার পর তাঁর সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।
এদিকে একই ঘটনায় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় আরও তিনটি স্বর্ণের ডিম। সেগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, পৃথক দুটি অভিযানে উদ্ধার করা ছয়টি স্বর্ণের ডিমের মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।
স্বর্ণের প্রকৃত উৎস, পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।