দক্ষিণ পূর্ব

লালদিয়া টার্মিনাল পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি, নির্মাণ শুরু ফেব্রুয়ারিতে

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ ০১:১৪ দুপুর
পঠিত : ৪৭
লালদিয়া টার্মিনাল পরিদর্শনে ডেনমার্কের স্টেট সেক্রেটারি, নির্মাণ শুরু ফেব্রুয়ারিতে

ছবি

দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে হিসেবে গড়ে উঠতে যাওয়া লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন ডেনমার্কের এই প্রতিনিধি। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান তাঁকে স্বাগত জানান। পরে তাঁরা প্রকল্প এলাকা ঘুরে দেখেন। স্টেট সেক্রেটারি ক্রোনকে প্রকল্পের বিভিন্ন দিক ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। প্রতিনিধিদল প্রকল্পের বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

এ সময় এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিডা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালটি আধুনিক ও পরিবেশবান্ধব বন্দর অবকাঠামো হিসেবে গড়ে তোলা হচ্ছে। এটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি আঞ্চলিক সমুদ্রবাণিজ্য আরও গতিশীল হবে।

টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গ্রিন টার্মিনাল হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহব্যবস্থা গড়ে তুলতে এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক লজিস্টিকস খাতে পরিবেশগত স্থায়িত্বের নতুন মানদণ্ড প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।

ডেনিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ডেনমার্কের স্টেট সেক্রেটারির এ সফর বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিকস খাতের আধুনিকায়ন ও টেকসই বিনিয়োগে দেশটির আগ্রহের প্রতিফলন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।