চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (১২) নামে এক শিশু আহত হয়েছে। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর বড়ঘোনা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবু তাহেরের ছেলে। আহত আরিফ একই এলাকার মো. জাফরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আমিরাবাদে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামমুখী সড়কে চলছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইফুল ও আরিফ আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন জানান, দুর্ঘটনার বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি।
আর/ দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।