হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গত ১২ নভেম্বর বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। অভিযানে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যাংকক-ঢাকাগামী বিএস২১৮ ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার, প্রসাধনসামগ্রী, খাবার ও ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংকক-ঢাকাগামী বিজি৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ থেকে ৩০০ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়। স্মার্টফোনগুলো স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের। এসব পণ্যের মূল্য প্রায় ৫৫ লাখ ৩০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি পণ্য জব্দ করা হয়।
একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ থেকে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজির বেশি সাবান পাওয়া যায়। তাঁকেও নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ২১ লাখ ৭৭ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা জানায়, যাত্রীদের ব্যাগেজ ব্যবহার করে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার প্রবণতা বাড়ছে। এতে সরকার বিপুল পরিমাণ শুল্ক-কর থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চোরাচালান ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এসআই/
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।