দক্ষিণ পূর্ব

সবজির বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-চাল-ডিমের দাম

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ ০৯:০১ সকাল
পঠিত : ৩৪
সবজির বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-চাল-ডিমের দাম

ছবি

শীতের আগমনে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কথা থাকলেও বৃষ্টির প্রভাবে সেই প্রত্যাশিত সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে চট্টগ্রামের খুচরা বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। পাশাপাশি মাছ, চাল ও ডিমের দামও ঊর্ধ্বমুখী। ফলে কয়েকটি সবজির দাম তুলনামূলক কম থাকলেও সামগ্রিক বাজার ব্যয়ে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে সবজির দামে এক ধরনের মিশ্র চিত্র দেখা গেছে। কোথাও ফুলকপি ও বাঁধাকপির দাম তুলনামূলক কম থাকলেও অন্য বাজারে এসব সবজির দাম বেশি। খুচরা বাজারে আজ  ফুলকপি ১০০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১৩০ টাকা, শিম ১০০ থেকে ১৬০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, করলা ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, শসা ৬০ থেকে ১২০ টাকা এবং ঢ্যাঁড়স ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ঝিঙা ১৬০ ও কাকরোল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় কয়েকটি শীতকালীন সবজির দাম বেড়েছে। এক সপ্তাহ আগে ফুলকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০ টাকা। বাঁধাকপির দাম ৪০ থেকে ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। বেগুন ও শিমের দামও বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা সবজির সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে।

দাম বাড়ার কথা জানতে চাইলে খুচরা বিক্রেতারা বলেন, সপ্তাহখানেক আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চাহিদার তুলনায় বাজারে শীতকালীন সবজির সরবরাহ কম। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজির মৌসুম শেষের দিকে থাকায় এসব সবজির সরবরাহও কমেছে। এ কারণে কাকরোল, ঝিঙা, বরবটি ও শসার মতো সবজির দাম চড়া।

বাজারে আসা ক্রেতা জাহাঙ্গীর আলমের আক্ষেপ, ‘বাজারে ঢুকলেই মনে হয়, পকেটের সব টাকা শেষ হয়ে যাবে। এক কেজি বেগুন, সামান্য শিম আর কয়েকটি প্রয়োজনীয় সবজি কিনতেই অনেক টাকা চলে যাচ্ছে। মাছ-মাংস কেনা এখন প্রায় বিলাসিতার মতো হয়ে গেছে। পরিবারের সদস্যদের চাহিদা থাকলেও দামের কারণে অনেক কিছুই কিনতে পারি না। মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।’

তবে রেয়াজউদ্দিন বাজারসহ নগরীর কয়েকটি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমতির দিকে রয়েছে। সেখানে মিষ্টিকুমড়া ৩৫ থেকে ৪০, বেগুন ৬০ থেকে ৭০, ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ২৫, পটল ৪০ থেকে ৫০, টমেটো ৬০ থেকে ৭০, বরবটি ৫০ থেকে ৬০, করলা ৫০ থেকে ৫৫, গাজর ৮০ থেকে ১০০, শসা ৭০ থেকে ৮০, শিম ও শালগম ৬০, খিরাই ৪০ থেকে ৪৫ এবং কচুরলতি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়।

রেয়াজউদ্দিন বাজারের সবজি আড়তদারদের মতে, শীতের সবজির সরবরাহ বাড়ায় বাঁধাকপি, ফুলকপি ও মুলাসহ কয়েকটি পণ্যের দাম কমেছে। তবে সব ধরনের সবজির দাম এখনো কমেনি। 

সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে ক্রেতাদের জন্য সুখবর নেই। দুই সপ্তাহ আগে কয়েক দিন দাম কমলেও এখন আবার বাড়তির দিকে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়েছে।

বাজারে দেশি রুই ৩২০ থেকে ৩৫০, বড় আকারের রুই ৪০০ থেকে ৫০০, মাঝারি কাতলা ৩৩০ থেকে ৩৮০, ছোট কাতলা ৩৩০ থেকে ৩৫০, বড় পাঙাশ ২০০ থেকে ২৬০, ছোট পাঙাশ ১৬০ থেকে ১৮০, রূপচাঁদা ৬২০ থেকে ১ হাজার ২০০, পোয়া ২৫০ থেকে ৩৫০, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ এবং মাঝারি চিংড়ি ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় গলদা চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৩০০ এবং ইলিশ ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতারা জানান, এ সপ্তাহে আগের তুলনায় মাছের সরবরাহ কম। ফলে দামও বেশি। দাম শুনে অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম মাছ কিনছেন। কেউ কেউ আবার তুলনামূলক কম দামের মাছের দিকে ঝুঁকছেন।

মাংসের বাজারে সপ্তাহের ব্যবধানে বড় ধরনের পরিবর্তন নেই। গরুর মাংস ৮০০ থেকে ৯৫০, খাসির মাংস ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩৫০, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০, সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ এবং দেশি মুরগি ৬৪০ থেকে ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে ডিমের দাম বেড়েছে। প্রতি ডজন ফার্মের লাল ডিম ১৩৫ এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি দাম বেড়েছে প্রায় পাঁচ টাকা। যদিও কয়েকজন বিক্রেতা বলছেন, ডিমের সরবরাহ এখন মোটামুটি ভালো।

চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। বাজারে মিনিকেট ৭০ থেকে ৭৫, নাজিরশাইল ৭৫ থেকে ৮০, পাইজাম ৬০ থেকে ৬৫, স্বর্ণা ৫৫ থেকে ৬০, আতপ চাল ৬০ থেকে ৭০ এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুদিপণ্যের বাজারেও তেমন স্বস্তি নেই। দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০, কাঁচামরিচ ৪৫ থেকে ৫০, আমদানিকৃত রসুন ১৫০ থেকে ১৬০, দেশি রসুন ১৮০ থেকে ২০০, আমদানিকৃত আদা ১১০ থেকে ১২০, দেশি আদা ১৪০ থেকে ১৬০ এবং চিনি ১০৮ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভোজ্যতেলের মধ্যে খোলা সয়াবিন ১৮৭ থেকে ১৮৮, বোতলজাত সয়াবিন ২০৫ থেকে ২১০, পাম তেল ১৭০ থেকে ১৮৫ এবং দেশি সরিষার তেল ২৩০ থেকে ২৫০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। খোলা লবণ ২২ থেকে ২৪ এবং প্যাকেটজাত লবণ ৩৬ থেকে ৪২ টাকা কেজি।

ডালের মধ্যে আমদানিকৃত মোটা মসুর ৮৫ থেকে ৯০, দেশি সরু মসুর ১৬০ থেকে ১৬৫, আমদানিকৃত মুগ ১৪০ থেকে ১৪৫, দেশি মুগ ১৬৫ থেকে ১৭০, ছোলা ৯৫ থেকে ১০০, খেসারি ৭৫ থেকে ৮৫, কলাই মটর ৬০ থেকে ৬২ এবং কলাই ডাল ১৫০ থেকে ১৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা আটা ৪৫ থেকে ৫০, ময়দা ৬০ থেকে ৬৫ এবং সুজি ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মসলার বাজারেও চড়া দাম। গুঁড়া হলুদ ২২০ থেকে ২৬০, গুঁড়া মরিচ ৩২০ থেকে ৪০০, ধনিয়া গুঁড়া ২২০ থেকে ২৮০ এবং জিরা ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, কয়েকটি সবজির দাম কমলেও মাছ, চাল, ডিম ও অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামে সেই স্বস্তি মিলিয়ে যাচ্ছে। সীমিত আয়ের মানুষের জন্য পরিবারের খাবার, বাসাভাড়া ও সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পর বাজারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই প্রয়োজনীয় পণ্যের পরিমাণ কমিয়ে কিনছেন, কেউ কেউ বাদ দিচ্ছেন পরিবারের পছন্দের খাবার।

 দিনমজুর রহমত বলেন, বাজারে প্রায় সব জিনিসের দাম বেশি। সন্তানদের পড়াশোনা, বাসাভাড়া ও খাবারের খরচ মেটাতে গিয়ে অনেক প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব হয় না।

অন্যদিকে বিক্রেতারা রাকিবুল হাসান বলছেন, পণ্যের দাম বেড়ে গেলে ক্রেতারা কেনাকাটা কমিয়ে দেন। এতে তাঁদের বিক্রিও কমে যায়। অর্থাৎ বাড়তি দামের চাপে ক্রেতাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুচরা ব্যবসায়ীরাও।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।