ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আলিয়া মাদরাসাগুলো পুনরুজ্জীবিত করতে বিশেষ বিসিএসের ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করছে। এ জন্য দ্রুত সময়ের মধ্যে দেশের আলিয়া মাদরাসাগুলোর তথ্য দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে ইবতেদায়ী মাদরাসা সরকারীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মাদরাসা শিক্ষাকে কার্যকর, যুগোপযোগী ও কর্মমুখী করতে দেশের আট বিভাগে আটটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অধিভুক্ত মাদরাসার শিক্ষকদের দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভিসি বলেন, সব পর্যায়ের মাদরাসা শিক্ষককে প্রশিক্ষণের আওতায় এনে মানসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে গভর্নিং বডির সহযোগিতায় প্রতি শনিবার মাদরাসাগুলোতে ইন-হাউজ প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাই করা ৩০ জন মাদরাসা শিক্ষককে প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও শতাধিক মাস্টার ট্রেইনার বাছাই করা হবে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. ইলিয়াস সিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম। এ ছাড়া কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আবুল হোসাইন মো. নুরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. জাবেদ আহমাদসহ সংশ্লিষ্টরাউপস্থিত ছিলেন।
আর/দক্ষিণপূর্ব
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।