চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত, নতুন হল নির্মাণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন, পরিবহন সংকট নিরসনসহ সাত দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে এসব দাবি জানিয়ে আবেদন করেছে সংগঠনটি।
আবেদনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় সংখ্যক নতুন আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। নারী ও পুরুষ শিক্ষার্থীদের আবাসন চাহিদা বিবেচনায় পৃথক হল নির্মাণ এবং প্রস্তাবিত হলগুলোর মধ্যে একটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যৌক্তিক ও পর্যাপ্ত আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
চিকিৎসাসেবার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের দাবি জানানো হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে। জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফারেল ও অ্যাম্বুলেন্স ব্যবস্থার আধুনিকায়নের দাবিও রয়েছে।
পরিবহন সংকট নিরসনে বিদ্যমান শাটল ট্রেনের বগি ও আসনসংখ্যা বাড়িয়ে নতুন শাটল ট্রেন সংযোজনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দ্রুততম সময়ে পর্যাপ্তসংখ্যক নতুন বাস সার্ভিস চালু, প্রয়োজন অনুযায়ী পরিবহন রুট সম্প্রসারণ এবং ক্লাস ও পরীক্ষার সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনব্যবস্থা পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক, সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ টিচার্স-স্টুডেন্টস সেন্টার (টিএসসি) দ্রুত নির্মাণের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ও সক্রিয় সব ছাত্রসংগঠনের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পৃথক কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য স্থায়ী কার্যালয় বরাদ্দের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীর সংখ্যা, বিভাগীয় কার্যক্রম ও একাডেমিক পরিসরের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদের জন্য পৃথক সম্প্রসারিত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল। আধুনিক শ্রেণিকক্ষ, সেমিনার কক্ষ, গবেষণাগার, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং শিক্ষা-সহায়ক অবকাঠামো নিশ্চিত করে ভবনগুলোর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া জিমনেসিয়ামের অবকাঠামো দ্রুত সংস্কার ও আধুনিকায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আধুনিক জিম সরঞ্জাম, ব্যায়াম উপকরণ ও ক্রীড়া-সহায়ক সামগ্রী সরবরাহ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ দাবিতে ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনৈতিক কিংবা অন্য কোনো ধরনের সুপারিশ ও প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে অবৈধভাবে বরাদ্দ দেওয়া আসনগুলো বাতিলের আহ্বান জানিয়েছে ছাত্রদল। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব আসন চিহ্নিত করে অবিলম্বে বাতিল এবং মেধা, প্রয়োজনীয়তা ও যৌক্তিকতার ভিত্তিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক আসন বণ্টনব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
আবেদনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনে সাত দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আবেদনে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।